সহিংসতা-নাশকতা রোধে ফ্যাসিবাদবিরোধী ‘রাজনৈতিক ঐক্যের’ সম্ভাবনা
গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, নাশকতার অভিযোগে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের প্রশ্ন সামনে এসেছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা আঙ্গিকে সংঘটিত গণহত্যাসহ জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার, পলায়নকৃত ফ্যাসিবাদের ফিরে আসার তোড়জোড় ঠেকাতে এখন রাজনৈতিক ঐক্য জরুরি। সেটা এগিয়ে নিতে হলে সরকারি দলকে সদিচ্ছাসহ এগিয়ে আসতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর মধ্যেই, বুধবার (১৮ নভেম্বর) সংসদের সমাপনী অধিবেশনে রাজনৈতিক ঐক্যের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।
দেশকে আবারও ফ্যাসিবাদী শাসন ও পরনির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে- এমন অভিযোগ তুলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, নির্বাচনের আগে যে রাজনৈতিক ঐক্য ছিল, তাতে দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেছেন, আমরা তো সকলেই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে জায়গাটা ফিরে আসুন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার আন্তরিক সদিচ্ছায় উদ্যোগ নিলে এই পরিস্থিতি থেকেই নতুন রাজনৈতিক ঐক্যের ক্ষেত্র তৈরি হতে পারে। তবে, সেই ঐক্য হতে হবে শুধু বক্তব্য ও সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক অধিকার, আইনের শাসন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার প্রশ্নে বাস্তব অঙ্গীকারের ভিত্তিতে। তবে, সরকার ও বিরোধী শিবিরের মধ্যে পারস্পরিক অবিশ্বাস না কমলে ফ্যাসিবাদ ঠেকানো প্রশ্নে রাজনৈতিক সমঝোতা বা ঐক্য গড়া কঠিন হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সরকারের সামনে এখন দুটি সমান্তরাল চ্যালেঞ্জ। একদিকে নাশকতা ও সহিংসতা নিয়ন্ত্রণ করে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে, রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যে–কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য গড়ে তোলা।
এ ব্যাপারে জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ আওয়ামী লীগের ডাকা বিভিন্ন কর্মসূচি এবং গোপালগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ও ধ্বংসাত্মক কার্যক্রমের কথা উল্লেখ করে ঢাকা পোস্টকে বলেন, ভারতে অবস্থান নিয়ে শেখ হাসিনা সেদেশের সরকারের মদদে ও উস্কানিতে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো বর্তমান নির্বাচিত সরকারের ওপর জনগণের আস্থা বিনষ্ট করা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে দুর্বল করা। তাই কেবল মুখে কথা না বলে বাস্তবে শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একাধিক সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে ঠেকাতে রাজনৈতিক ঐক্যের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। সরকার দল ও বিরোধী দলীয় পক্ষের মধ্যে আলাদাভাবে অভ্যন্তরীণ বৈঠকে ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক ঐক্যের আলাপ হয়েছে।
১১ দলীয় ঐক্যের এক শীর্ষ নেতা ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে। বিএনপি’র পক্ষ থেকে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে ঠেকাতে একাট্টা হবার বিষয়ে অভিমত জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ১১ দলীয় ঐক্য। সেখানে রাজনৈতিক ঐক্যের ইস্যুটি থাকছে।
১১ দলীয় ঐক্য জোট সূত্রে জানা গেছে, বৈঠকে গোপালগঞ্জের ঘটনা, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, চট্টগ্রাম, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। কোথাও পুলিশের গাড়িতে আগুন, কোথাও থানায় হামলা, কোথাও সংসদ সদস্যের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ। রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, মন্ত্রীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গ্রেপ্তারের ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এর মধ্যে, গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও শিল্পাঞ্চলে অস্থিরতা নতুন করে চাপ তৈরি করেছে সরকারের ওপর।
বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তারের পর থানায় হামলা, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া, পুলিশের গাড়ি ও স্থাপনায় আগুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তার স্বজনদের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের খবর আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করতে হয়েছে। বুধবারও জেলার বিভিন্ন এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশের হিসাবে, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ৫৯টি স্থানে বিস্ফোরিত হয়েছে ককটেল। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
পরিস্থিতির ব্যাপকতা বোঝা যায় ঢাকা মহানগর পুলিশের সাম্প্রতিক অভিযানেও। বুধবার ডিএমপি জানিয়েছে, ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭১ জন রয়েছেন। অভিযানে অবিস্ফোরিত দুটি ককটেল, বিস্ফোরিত ছয়টি ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও রাজধানীতে ৫২৬ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ।
এসব ঘটনার মধ্যে আগামী ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির বিদেশে অবস্থানরত নেতাদের বিভিন্ন বক্তব্য ও ভিডিও বার্তাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ উঠেছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই কর্মসূচিকে ঘিরে নাশকতা ও সহিংসতা ছড়ানোর চেষ্টা চলছে। অন্যদিকে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং দলটির নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।
এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং অন্যান্য রাজনৈতিক নেতার বক্তব্যে বিষয়টি গুরুত্ব পেয়েছে। জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের জরুরি বৈঠক, বিএনপির সংসদীয় দলের বৈঠক এবং ১১ দলীয় ঐক্যের আগামীকালের বৈঠকও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, সহিংসতা ও নাশকতা মোকাবেলায় সরকার কি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করবে, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য গড়ে তুলতে উদ্যোগী হবে? বিরোধী দলগুলোর বক্তব্যে সহযোগিতার আগ্রহের পাশাপাশি, সরকারের প্রতি অবিশ্বাস ও কিছু শর্তও স্পষ্ট। ফলে রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা থাকলেও সেটি বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব অনেকটাই সরকারের ওপর এসে পড়েছে।
সংসদে ঐক্যের বার্তা, মাঠে সহিংসতা
জাতীয় সংসদে গত কয়েক দিনের আলোচনায় ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের বিষয়টি বারবার উঠে এসেছে। ১৭ নভেম্বর সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক মতপার্থক্য ভুলে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশে আবার কোনোভাবে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিলে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। জাতীয় সংকটে রাজনৈতিক বিভেদ ও পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে কাজ করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। বিরোধী দলের সমালোচনা করার অধিকার রয়েছে উল্লেখ করে দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা চান এই মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এর আগে সংসদে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও ষড়যন্ত্র মোকাবিলায় বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সহযোগিতা চাওয়ার বিষয়টি উঠে আসে। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা এবং তাদের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।
তবে, একই স্বরাষ্ট্রমন্ত্রীকে সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিরোধী দলের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। ১০ নভেম্বর সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, পুলিশের স্থাপনায় হামলাসহ বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা বলা যায় না। এই বক্তব্যের মধ্য দিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পার্থক্যও স্পষ্ট হয়ে ওঠে।
সর্বশেষ, টুঙ্গিপাড়ার সহিংসতার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, অগ্নিসংযোগ ও জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে। ভিডিও ফুটেজ, অডিও রেকর্ডিং ও ছবি পর্যালোচনা করে তাদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি। তবে, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগের ক্ষেত্রে সংযম দেখিয়েছে বলেও দাবি করেছেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনার কথা জানা গেছে। ১৫ নভেম্বর দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি উস্কানিতে পা না দেওয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এবং নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের- এমন অবস্থানও তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে উদ্বেগ
সরকারের জন্য তাৎক্ষণিক বড় চ্যালেঞ্জ আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার চেষ্টা, মিছিল, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব তৎপরতার সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। গত কয়েক দিনের ঘটনাগুলো শুধু রাজধানীকেন্দ্রিক নয়। গোপালগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ, থানায় হামলা, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি, ফরিদপুরে সংঘর্ষে কৃষক দলের এক নেতার মৃত্যুর খবর এসেছে। ঢাকায় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থানে বাসে আগুন এবং পিরোজপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন বাসশ্রমিকের মৃত্যুর খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে।
বুধবার (১৮ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারে বিজিবি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অন্তত ২৮ জেলায় গত ১০ দিনে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা নয়, সাধারণ মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও প্রভাব ফেলছে।
আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা নিয়ে রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। দলটির নেতাদের দেশে ফেরার আকাঙ্ক্ষা, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় সাংগঠনিক তৎপরতা চালানোয় রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
রিজভীর অভিযোগ, আওয়ামী লীগের ‘কামব্যাক’ চেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বলেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। ভিডিও বার্তার মাধ্যমে তারা দেশের ভেতরে বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর ভাষ্য, পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে বোমা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এসবের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ফেরার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে, ১৫ নভেম্বরও তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও অরাজকতা তৈরির অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন।
দল হিসেবে বিএনপি’র সাংগঠনিক তৎপরতাও বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার কথা বলা হয়েছে। তবে, দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এটিকে আওয়ামী লীগের কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে নয়, বরং ডিসেম্বর মাসের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
সরকারকে সহযোগিতা প্রস্তাবে জামায়াতের শর্ত
রাজনৈতিক ঐক্যের প্রশ্নে বুধবার সবচেয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য এসেছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার যদি ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় মেনে নেয়, তাহলে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, জননিরাপত্তা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়গুলো আলোচনা হয়েছে বলে জানান তিনি।
গোলাম পরওয়ারের বক্তব্যে সরকারের প্রতি একদিকে সহযোগিতার প্রস্তাব, অন্যদিকে রাজনৈতিক সমালোচনা- দুটি বিষয়ই স্পষ্ট।
তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই জাতীয় সনদের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করছে। এতে রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে এবং জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি মনে করেন, গণভোটের রায় মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক সংকটের সমাধান রাজপথের সংঘাতের পরিবর্তে সংসদে আলোচনার মাধ্যমে হওয়া উচিত। আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের কোনো উদ্যোগকে জামায়াত সমর্থন করবে না বলেও জানান তিনি। তবে বিএনপির সঙ্গে যৌথ কর্মসূচির প্রশ্নে গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে থাকায় তাদের রাজনৈতিক অবস্থান আলাদা। কিন্তু ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যের প্রশ্নে জামায়াত একমত।
এর আগে, ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছিলেন, সরকার ফ্যাসিবাদ ঠেকানোর কথা বললেও বাস্তবে আন্তরিকতা দেখাতে হবে। শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। জুলাই গণহত্যার বিচার, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ঐক্যের ভিত্তি তৈরি করতে হবে।
তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকার যদি ফ্যাসিবাদ প্রতিরোধের কথা বলে, অথচ সরকারি দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের গ্রেপ্তার নেতাদের জামিনের জন্য আদালতে যান, তাহলে ফ্যাসিবাদ ঠেকাবে কে? সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, সংবিধান ও স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিলে জাতীয় ঐক্যের আহ্বানে ১১ দলীয় জোট সাড়া দেবে।
প্রধানমন্ত্রী-বিরোধী দলীয় নেতার বক্তব্যে ঐক্যের আহ্বান
সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে পুনরায় তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসতে হবে। ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করার পর এবার গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে। গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা দেশের প্রধান রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করে অন্য কোনো বিশেষ দেশের হাতে এর সুবিধা তুলে দেওয়ার চেষ্টা চলছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক। গণতন্ত্র সমৃদ্ধির পথ প্রশস্ত করে, আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে। নির্বাচিত সংসদ ও সরকার নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও দলটির চরিত্রে পরিবর্তন আসেনি। দেশে-বিদেশে বিভিন্ন ঘটনায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচয় প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মানুষ লাখো ও হাজারো প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য নয়। তাই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, তাবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।
বিরোধীদলীয় নেতার বার্তা, আগের ঐক্যে ফিরে আসুন
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর একই সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার বক্তব্যে সরকারের প্রতি সহযোগিতার আহ্বান যেমন ছিল, তেমনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ পেয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সব রাজনৈতিক দল একই কাতারে ছিল। একই দর্শন ও লক্ষ্য নিয়ে তারা কাজ করেছে। কিন্তু এখন সেই ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে। আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি।
তিনি বলেন, আমরা তো সকলেই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে জায়গাটা ফিরে আসুন।
বিরোধীদলীয় নেতা মনে করেন, রাজনৈতিক ঐক্য দুর্বল হওয়া এবং ফ্যাসিবাদী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার প্রবণতা বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ। তাই শহীদদের আমানত, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদের আলোকে যত দ্রুত সম্ভব আগের ঐক্যে ফিরে আসতে হবে।
তিনি বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। ক্ষমতার পরিবর্তন স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। তাই সংস্কার কিংবা সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত বা দলীয় সুবিধার জন্য না নিয়ে জাতীয় স্বার্থে নিতে হবে।
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য শক্তিশালী হলে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে, দেশের মানুষ আবারও আধিপত্যবাদের কালো ছায়া অনুভব করছে উল্লেখ করে সরকারকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রাজনৈতিক ঐক্যের পথে বাধা কোথায়?
রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রশ্নে নীতিগত বিরোধ খুব বেশি নেই। বিএনপি, জামায়াত, ১১ দলীয় ঐক্য এবং সরকারের মন্ত্রীরাও বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকানোর কথা বলেছেন। কিন্তু ঐক্যের ধরন, নেতৃত্ব, শর্ত এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতপার্থক্য রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, বিএনপি তা ধরে রাখতে পারেনি এবং এই ঐক্য বিএনপি নিজেই ভেঙেছে। সেটা করতে গেলে বিএনপিকেই আগে এগিয়ে আসতে হবে।
অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বিএনপি যখন সালাহউদ্দিন সাহেবের আইনি ব্যাখ্যা দেখিয়ে গণভোট মেনে নেয়নি এবং সংবিধান সংস্কার পরিষদে অংশ না নিয়ে একা একা সংবিধান সংশোধনের কাজ শুরু করেছে, তখনই ঐক্য ভেঙে যায়। বিএনপি ১৯৭২ সালের পুরনো সংবিধান রেখে দিয়েছে, যা বিএনপির পাশাপাশি দেশের জন্যও ক্ষতিকর। জুলাই সনদ এবং গণভোটকে স্বীকার করলে সংবিধান বদলে নতুন সংবিধান তৈরি হতে পারতো। ঐক্যও অটুট বা মজবুত হতো।
তিনি বলেন, পুরনো ১৯৭২ সালের সংবিধান বহাল রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললে তা জনগণ বিশ্বাস করবে না, করছে না।। কারণ, ওই সংবিধানে এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হয় এবং বলপূর্বক সরকার পরিবর্তনের শাস্তি হিসেবে রাষ্ট্রদ্রোহিতা ও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ভোট দেওয়ার পরও আইনি দোহাই দিয়ে বিএনপি তা মানেনি, যা জনগণের সঙ্গে তাদের প্রথম বিশ্বাসঘাতকতা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ঐক্যের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, জোড়াতালি দিয়ে দেশ চলতে পারে না, রাজনৈতিক ঐক্য হতে হবে একটি সুদৃঢ় ভিত্তির ওপর। ফ্যাসিবাদের পুনর্বাসনের আশঙ্কায় দলীয় ও দেশের স্বার্থ অনুধাবন করে বিএনপিকেই এখন ঐক্যের ডাক দেওয়া উচিত। ঐক্যের বিষয়ে জামায়াতে ইসলামী যে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক বলেও মনে করেন তিনি।
তিনি জুলাই সনদ বাস্তবায়ন না করে ঐক্যের ডাক আসলে তা ফলপ্রসূ হবে না উল্লেখ করে বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে সরকারকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গণভোট এবং জুলাই সনদ মেনে নিতে হবে। সরকার যদি জুলাই সনদ ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারগুলো বাস্তবায়ন না করে, তবে কোনো রাজনৈতিক ঐক্য যেমন সম্ভব হবে না, তেমনি সরকারও জনগণের সহযোগিতা পাবে না।
ফ্যাসিবাদ-আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য এখন জরুরি : জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ
সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সমাপনী বক্তব্যের পর, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্যকে বজায় রাখা এবং সুসংহত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ।
তিনি ঢাকা পোস্টকে বলেন, অতীতে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনকালে জাতীয় ঐক্যের যে প্রয়োজনীয়তা ছিল, বর্তমান প্রেক্ষাপটে সেই প্রয়োজনীয়তা অতীতের তুলনায় কোনো অংশেই কম নয়।
বিগত শাসনের অন্যায় ও আধিপত্যবাদের চুক্তি প্রকাশের তাগিদ দিয়ে মাহবুব উল্লাহ বলেন, বিগত শাসনামলে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের যাবতীয় তথ্য-প্রমাণ আধুনিক প্রযুক্তি ও বড় পর্দার মাধ্যমে জনগণের সামনে প্রদর্শন করা উচিত। একইসঙ্গে, ব্যাংক লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংসের চিত্র এবং জাতীয় স্বার্থ চরম লঙ্ঘন করে ভারতীয় আধিপত্যবাদকে যেসব সুযোগ-সুবিধা বা কনসেশন দেওয়া হয়েছিল, তাও জনগণের কাছে উন্মোচিত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে তাদের নিজস্ব অস্তিত্ব এবং অতীতের বিষাদময় অভিজ্ঞতার কথা স্মরণ রাখতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিই দলগুলোকে ঐক্যের দিকে বাধ্য করবে। যদি কেউ এই ঐক্যের প্রয়োজনীয়তা অস্বীকার করে, তবে তার কুফল ও বিপদের মুখোমুখি হতে হবে।
সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করে তিনি বলেন, সাধারণ নাগরিকরা দেশে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন চান। পাশাপাশি, বাংলাদেশের ওপর যে-কোনো আধিপত্যবাদী শক্তির আধিপত্য বা নিয়ন্ত্রণ পুরোপুরি ছিন্ন করার পক্ষে দেশের মানুষ অবস্থান নিয়েছে।
এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন: