শ্রমিকদের চিকিৎসায় ৬ শিল্পাঞ্চলে হবে বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী
শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনের প্রথম দিনে শিমুল বিশ্বাস এমপির এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপির পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “শ্রমিক ও শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। শ্রমিকদের জন্য নির্ধারিত হাসপাতাল হিসেবে এগুলোর নামকরণ ও কার্যক্রম পরিচালনা করা হবে।”
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময়ের শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশিনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজসম্পদ মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছু আমদানিনির্ভর করা হয়েছিল। শিল্পের বিকাশ না ঘটিয়ে এমন সব নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্প খাত স্বাভাবিকভাবে বিকশিত হতে পারেনি।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থাকেও তিলে তিলে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে, গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতে গণতান্ত্রিক সরকারের সময়ে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থায় যতটুকু সুযোগ-সুবিধা ছিল, পরবর্তী সময়ে সেটুকুও নষ্ট করা হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, চিকিৎসা ব্যবস্থাকে এমনভাবে দুর্বল করা হয়েছিল যে, দেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য করা হয়েছিল।
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, উল্লেখ করে তিনি বলেন, “দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করছে। শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে ছয়টি শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সেই উদ্যোগেরই অংশ।”
এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন: