প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে গুলি করে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের এক পরিবেশকের (এজেন্ট) নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। দুর্বৃত্তদের গুলিতে এক হিসাবরক্ষণ কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন গাড়িচালক ও এক এরিয়া ম্যানেজার।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়।
তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ জন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।
মোস্তাফিজুর রহমান জানান, গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে।
তিনি আরও জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ টাকা ছিল। দুর্বৃত্তরা বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলে জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: