হাইকোর্টের আদেশ স্থগিত

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ ১৩:১১ পিএম

ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার সম্পূরক ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পথ খুলেছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন যেকোনো সময় ভর্তি পরীক্ষা নিতে পারবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে, ১৮ নভেম্বর একটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে পরে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেননি। এসব শিক্ষার্থীর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫।  পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধ সত্ত্বেও কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ এবং পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত না করেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মেডিকেল কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ করে।

ফলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় শিক্ষার্থীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ইউজিসির জারি করা নির্দেশিকা অনুসরণ করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

আপিল বিভাগে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত হওয়ায় এখন আর ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে। তারা নিজ নিজ সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর