বিএনপি গায়ের জোরে ক্ষমতায় আছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬ ১৭:১১ পিএম

শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “বিএনপি গায়ের জোরে ক্ষমতায় আছে। তবে, বেশিদিন গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারবে না। অতীতেও গায়ের জোরে অনেকে ক্ষমতায় ছিল, কিন্তু তারা টিকে থাকতে পারেনি।”

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কারণে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।”

তিনি বলেন, “স্থানীয় নির্বাচন সামনে রেখে আমরা কর্মসূচি পালন করছি। এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সে কারণে আমরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছি। গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। ৫ বছর তাদের ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম আরো বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা পদক্ষেপ নিয়েছে বিএনপি। সেটা আমরা নির্বাচনের আগেও দেখেছি, এখনো দেখছি। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা আছে। আমরা বলব, এই জায়গা থেকে বিএনপির বের হয়ে আসা উচিত। জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করতে সুযোগ করে দেওয়ায় যে ভুল করেছে, তার মাসুল কিন্তু বিএনপিকে দিতে হয়েছে। তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে। বেগম জিয়াকে বছরের পর বছর কারাগারে থেকে নিজের জীবন নিঃশেষ করতে হয়েছে।”

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঢাকায় সম্প্রতি শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক আহমেদের কবর জিয়ারত করেন। তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নিতে গোবিন্দগঞ্জ উপজেলায় যান। 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর