ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ডা. নাসিরকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২০ মে ২০২৬ ১১:০৫ এএম
ঢাকা: শরীয়তপুরে রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টা ৫৫ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তাঁর সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নেতা ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
হাসপাতালে অবস্থানকালে বিরোধীদলীয় নেতা কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে ডা. নাসিরের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে আহত এই চিকিৎসকের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
হাসপাতাল থেকে বের হয়ে গেটের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। চিকিৎসকদের নিরাপত্তার সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন:
> "চিকিৎসকদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তারা কীভাবে চিকিৎসাসেবা প্রদান করবেন? এতে করে দেশের চিকিৎসাসেবা ব্যবস্থা ভেঙে পড়বে।"
তিনি অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকল দোষী ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে, তিনি মৃত রোগী লাল মিয়া কাজীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই রোগীর মৃত্যু হলে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতরা ডা. নাসিরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে গত শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: