চাঁদাবাজি-গুণ্ডামির রাজনীতি আর চলতে দেয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, চাঁদাবাজি-গুণ্ডামির রাজনীতি আর চলতে দেওয়া হবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় নির্বাচনী গণমিছিল পূর্বে এক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অস্ত্রবাজির সর্বহারা রাজনৈতিক ব্যানারের রাজনীতি আর করতে দেওয়া হবে না। বাবুগঞ্জ -মুলাদীকে চাঁদাবাজ মুক্ত করা হবে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবেন। কাউকে এক টাকাও চাঁদা দিতে হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের বলছি, আইনের মধ্যে ফিরে আসেন। না হলে যৌথবাহিনীর গুলিতে কবরে যাওয়ার প্রস্তুতি নেন। আপনাদের তালিকা প্রশাসনের কাছে দেয়া আছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, আজকে আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি, ১২ তারিখের নির্বাচন হবে, এই অঞ্চলের কাঁচা রাস্তা পাকা করার নির্বাচন, হাট বাজার ও খেয়াঘাট দালাল মুক্ত করার নির্বাচন; সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার নির্বাচন। ১২ ফেব্রুয়ারির নির্বাচন নারীসমাজ রক্ষার নির্বাচন।
তিনি বলেন, জনপ্রতিনিধিদের বারবার বেঈমানির কারণে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাল-সবুজের পতাকার মর্যাদার সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
ফুয়াদ বলেন, কিছু ব্যক্তি অস্ত্র ও গোলাবারুদ মজুত করে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। ১২ তারিখ কেউ যদি অশান্তি সৃষ্টি করতে আসে, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত এক বছর ধরে কর্মসংস্থান ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছি। ভোলার গ্যাসক্ষেত্র থেকে ৩০ শতাংশ বাজেট বরিশালে এনে যুবসমাজের কর্মসংস্থান তৈরি করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে এবং পুরাতন রাজনীতিকে না বলতে হবে। ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ‘ঈগল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্য শেষ করেন। পরে ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাম মাঝিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।

আপনার মূল্যবান মতামত দিন: