মন্ত্রিসভায় ভ্যাট আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৭তম বৈঠক অনুষ্ঠিত হয়

মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা নিয়ে বিদ্যমান বিধান সংশোধনে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। নতুন বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়। তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এ পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়, ওই সময়ে জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। গত ১৪ অক্টোবর এ অধ্যাদেশ জারি করা হয়।

জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর