আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেফতার
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
গত ৯ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. হাসিবুর রশিদ বাচ্চু।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: