ভারতে পাচারকালে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ আবু সাইদ (৪১) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে দাইতলা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আবু সাইদ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এগুলো বহন করছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বৃহস্পতিবার ৪৯ বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবু সাইদকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর