সব প্রসিকিউটরকে নিয়ে চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক
এক কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের পরদিন সব প্রসিকিউটরদের নিয়ে বিশেষ বৈঠকে বসলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক চলে ঘণ্টাখানেকেরও বেশি সময়। এ সময় প্রসিকিউশনের বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে নির্দেশনা দিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় প্রসিকিউশন।
এর আগে গতকাল সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। যেখানে তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চান। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
একাধিক সাইবার বিশেষজ্ঞ বলেছেন, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। যেখানে ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে এই টাকা দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী।

আপনার মূল্যবান মতামত দিন: