স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে প্রথমবার ইবি বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ১৬:০৩ পিএম

ইবি প্রতিনিধি: দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সম্মিলিত সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট। তারা হলেন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) ইফফাত আরা বৃষ্টি এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল কারিমা তাসনিম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশ নেন তারা।
 
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ এবং বিএনসিসির সমন্বিত কন্টিনজেন্টগুলো তাদের পেশাদারিত্ব ও সমরাস্ত্র সক্ষমতা প্রদর্শন করে।
 
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) তাদের শৃঙ্খলাবদ্ধ ও চৌকস মার্চ-পাস্টের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। সশস্ত্র বাহিনীর তিন শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত এই কন্টিনজেন্ট তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক প্রশিক্ষণের উজ্জ্বল প্রতিফলন তুলে ধরে। রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণকালে অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুসংহত উপস্থিতি বিশেষভাবে প্রশংসিত হয়।
 
ক্যাডেট ল্যান্স কর্পোরাল কারিমা তাসনিম বলেন, “স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিতে পেরে আমি গর্বিত। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর একটি অনন্য সুযোগ।”
 
ক্যাডেট আন্ডার অফিসার ইফফাত আরা বৃষ্টি বলেন, “দীর্ঘ ২০ দিনের কঠোর অনুশীলনের পর আমরা এই প্যারেডে অংশ নিতে পেরেছি। প্রথমবার তাবুতে থাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুশীলন চালিয়ে যাওয়া ছিল চ্যালেঞ্জিং, তবে অভিজ্ঞতাটি ছিল অসাধারণ।”
 
ইবি বিএনসিসি'র প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আব্দুর বারী বলেন, বিশ্ববিদ্যালয়ের নেভি ফিমেল প্লাটুন থেকে দুইজন ক্যাডেট স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করে এবং তারা সফলভাবে তা শেষ করতে পেরেছে। এটা আমাদের একটা বড় অর্জন। আমি ইবি বিএনসিসি'র সকল ক্যাডেটদের সফলতা কামনা করছি।"

 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর