আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দল ভারী করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না। এটি অন্যায়, এমনকি জঘন্য অপরাধ।

শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা মনে করি না, এখনই তাদের রাজনীতি আসা উচিত। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে, তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল। গুম হওয়া সবাই ফিরে আসেনি এখনো। এমন পরিস্থিতিতে তারা কীভাবে আবার রাজনীতিতে ফিরে আসে- এ প্রশ্ন থেকেই যায়।

তিনি বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি, সামান্য কোনো অনুশোচনা নেই তাদের। যে দল অসংখ্য মানুষকে গুম করেছে, হত্যা করেছে, অনেককে পঙ্গু করেছে এবং একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের কোনো আত্মসমালোচনা দেখা যায়নি। শুধু রাজনৈতিক সমীকরণে দল ভারি করার জন্য তাদের রাজনীতিতে আনা উচিত হবে না।

সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার যত দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করবে, দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। সংসদে যেখানে সহযোগিতা প্রয়োজন, সেখানে আমরা সহযোগিতা করছি। আবার যেখানে বিরোধীতা প্রয়োজন, সেখানে গঠনমূলক বিরোধীতা করছি।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময়  সভায়  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ  জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান , বাগেরহাট ২  আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ বাগেরহাট জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর