জামায়াতে চূড়ান্ত, এনসিপিতে গুঞ্জন, কেন্দ্রের অপেক্ষায় বিএনপি
আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ৭:৩৩ পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ঘিরে জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের রাজনীতি। ইতোমধ্যে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এনসিপির প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। তবে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন দল বিএনপি।
গতকাল (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত নগর জামায়াতের শূরা বৈঠকের সিদ্ধান্তে জামায়াতের প্রার্থী হিসেবে নগর শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়। চট্টগ্রাম মহানগরের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াত মনোনীত শামসুজ্জামান হেলালী ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আসন্ন নির্বাচনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
এদিকে জামায়াত তাদের অবস্থান স্পষ্ট করলেও ক্ষমতাসীন দল বিএনপি এখনও চসিক নির্বাচনে আনুষ্ঠানিক কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। দল যখন যাকে মনোনীত করবে, আমরা তার পক্ষেই কাজ করব। এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসেনি।
এদিকে ২০১০ সালে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হওয়া সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এবারও প্রার্থী হওয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে এই ব্যবসায়ী নেতাকে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারেএদিকে, ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা এক মামলায় ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল তখনকার বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। আদালত বিগত ফলাফল অবৈধ ঘোষণা করে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশনা দেয়। পরবর্তীতে তিনি শপথ নেন এবং চট্টগ্রামের মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
গত ১৪ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে এই গুঞ্জন আরও বাড়তে থাকে। ওই সময় সেখানে ডা. শাহাদাত হোসেনের অনুসারী বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয় হাসনাতকে। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকারকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করিনি। তবে সাবেক মেয়র মনজুর আলমকে আমাদের প্রার্থী হিসেবে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।’
এআরএস

আপনার মূল্যবান মতামত দিন: