আমাদের ভোট কেড়ে নেয়া হয়েছে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এর দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এর দায় আমরাএক্স এড়াতে পারি না যে আমরা আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারি নাই।’
শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড় জেলা শাখার ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘সামনে স্থানীয় নির্বাচন আসছে, কোনো একটা কেন্দ্রে আমাদের যদি ১০ জন ভোটার থাকে, ওই ১০টা ভোটও আমাদের রক্ষা করতে হবে। আবার কোনো একটা কেন্দ্রে ১০০ জনের মধ্যে ৯০টা যদি আমাদের ভোট থাকে, ওই ৯০টা ভোটও আমাদের রক্ষা করতে হবে। জাতীয় নির্বাচনে আমাদের যে ভোট গণনা, সেই গণনায় প্রভাবিত করে আমাদের গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে। আমরা যেন একই সুযোগ স্থানীয় নির্বাচনে করতে না দেই।’
সারজিস আরো বলেন, ‘আমরা ১১দলীয় ঐক্যজোট বিরোধী দল হিসেবে একসাথে সংসদে রয়েছি। জানি না স্থানীয় নির্বাচন একসাথে করা হবে কি না। একসাথে করা হোক আর আলাদাভাবে করা হোক, আমরা আপনাদের একটা বার্তা দিতে চাই, জনগণ অনেক আশা নিয়ে, অনেক পরিবর্তনের চিন্তা নিয়ে আমানত হিসেবে আমাদের যে ভোটটা দেয়, রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, সেই ভোটের আমানত আমাদের রক্ষা করতে হবে।’
এই নেতা আরও বলেন, ‘জনগণ পরিবর্তন চায়, মনে-প্রাণে পরিবর্তন চায়। কিন্তু আমাদের রাজপথ থেকে ওই পরিবর্তনের লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে। আমরা যদি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারি, তাহলে খুব শিগ্গির আমরা যে পরিবর্তনটা চাই, আগামীর বাংলাদেশ হিসেবে সেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘ভয় জিনিসটা হচ্ছে ছোঁয়াচে। আপনি ভয় পেয়ে পিছিয়ে পড়লে তারা আপনাদের মাথায় উঠবে। কিন্তু মনে রাখবেন, সাহস তার চেয়ে অনেক বেশি ছোঁয়াচে। সাহস এতটাই ছোঁয়াচে যে একজন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি— একজনকে গুলি করে, একজন মারা যায়, আরেকজন সেই জায়গায় দাঁড়িয়ে যায়।’
এ সময় তিনি স্থানীয় নির্বাচন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের আহ্বান করব, আপনারা স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেন। আপনাদের মধ্য থেকে কাউকে মেম্বার হতে হবে, আপনাদের মধ্য থেকে কাউকে চেয়ারম্যান হতে হবে, কাউকে উপজেলা চেয়ারম্যান হতে হবে, কাউকে জেলা পরিষদের চেয়ারম্যান হতে হবে।’

আপনার মূল্যবান মতামত দিন: