সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিরোধীদলের প্রার্থীদের হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা এড়াতে ফলাফল মেনে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে খুলনার শিরোমনি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ময়দানে খানজাহান আলী থানা জামায়াতে ইসলামির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের এসব কথা বলেন তিনি।

এ সময় মিয়া গোলাম পরওয়ার সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থি বলে অভিযোগ করেন এবং জুলাই সনদের ভিত্তিতে সংস্কার ও অন্তর্বর্তীকালীন নির্বাচন ব্যবস্থার আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিরোধীদলে আমরা যারা আছি, অনেক গুরুত্বপূর্ণ আসনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা, উত্তেজনা ও বিভাজন এড়াতে কষ্টের সঙ্গে ফলাফল মেনে নিয়েছি। তিনি দাবি করেন, নির্বাচনের আগে ও পরে সরকার গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ভিন্ন পথে হাঁটছে।

তিনি অভিযোগ করেন, ছয়টি সিটি করপোরেশনে নির্বাচন ঘোষণা না করে প্রশাসক নিয়োগ, বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক পদে পরিবর্তন এবং সংসদ অধিবেশন শুরুর আগেই সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে। এসব পদক্ষেপ থেকে সরে এসে সংসদে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সংসদে আলোচনা করে জুলাই সনদের একমত বিষয়গুলো বাস্তবায়ন করুন। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে চলুন। সহিংসতা বন্ধ ও বিরোধীদের প্রতি সহনশীল আচরণেরও আহ্বান জানান তিনি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর