গণভোট অস্বীকার করলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম
বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “জুলাইয়ের চেতনা হচ্ছে গণভোট। এখনও গণভোট নিয়ে টালবাহানা চলছে। গণভোটকে অস্বীকার করা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।”
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমাদান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হয়েছেন। অনেকেই দেশে ফিরে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “এখন যদি গণভোটকে অস্বীকার করা হয়, তাহলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে।”
রেজাউল করিম আরও বলেন, “একই সঙ্গে একজন ভোটার দলীয় ভোট দিয়েছেন, আবার ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু এখন সেই ভোটের প্রতিফলন অনুযায়ী সংবিধান সংস্কারের শপথ নেওয়া হয়নি, উচ্চকক্ষ গঠনের ব্যাপারেও গড়িমসি করা হচ্ছে।
জুলাই সনদের বিষয়ে গণভোটে যে রায় এসেছে, তা অবজ্ঞা করা উচিত নয়। অবিলম্বে জনগণের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা না হলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তবে আমরা সরকারের কথার প্রতি আস্থা রাখতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, ১৯ নম্বর তেওয়ারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর ডা. রাজন, সেক্রেটারি কাউসার হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রায় আড়াইশ পরিবারে রমাদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: