বিজয়ী হয়ে বিএনপির প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ আমির হামজার, খাওয়ালেন মিষ্টি

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২ এএম

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আমির হামজা জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জাকির হোসেন সরকারের সাথে মতবিনিময় করেন। এ সময় একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি খাওয়ান তারা।

রাজনৈতিক প্রতিযোগিতা শেষে এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ স্থানীয় মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকালে দুই দলের নেতা কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুষ্টিয়াকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে দল-মত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা বলেন, নির্বাচন শেষ, এখন আমাদের মূল লক্ষ্য কুষ্টিয়ার মানুষের কল্যাণ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকল রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের নিয়ে আমরা উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিজয় প্রার্থীকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের স্বার্থ সবার আগে। কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে গঠনমূলক ভূমিকা রাখতে আমরা প্রস্তুত। তিনি রাজনৈতিক সহনশীলতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দীন জোয়ার্দার, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকসহ স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর