ঢাকা-১১ আসনে বিএনপি একজন বিদেশি নাগরিককে মনোনয়ন দিয়েছে: আসিফ মাহমুদ
ঢাকা-১১ আসনে বিএনপি একজন বিদেশি নাগরিককে মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৮ জানুয়ারি) ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।
ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত। তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনার কথা বললেও বিএনপি একজন বিদেশি নাগরিককে মনোনয়ন দিয়েছে।
এনসিপি মুখপাত্র বলেন, ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং এমপি থাকার সময় মামলা বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ ভানুয়াতুতে গচ্ছিত রাখার উদ্দেশ্য ছিল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির অবস্থান নিয়ে সমালোচনা করেছেন তিনি বলেন, একটি দল ঘোষণা দিয়েছে ১২ তারিখ পর্যন্ত কোনও চাঁদাবাজি করা যাবে না—অর্থাৎ ১২ তারিখের পর তা করা যাবে। নানা পরিকল্পনার কথা বলা হলেও তাদের ১৭ মাসের আমলনামা জনগণ ইতোমধ্যে প্রত্যক্ষ করেছে।
আসিফ মাহমুদ বলেন, এখন সময় ১১ দলীয় ঐক্যজোটের সবাইকে একসঙ্গে থাকার। এই জোটকে বিজয়ী করতে জনগণকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে গিয়ে তারেক রহমান বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তিনি জনগণের প্রতি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: