জুলাই ঐক্যকে নিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

সম্প্রতি কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকারে ‘জুলাই ঐক্য’-কে নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুলাই ঐক্যের সংগঠক মুন্সি বুরহান মাহমুদ বলেছেন, রাষ্ট্রপতি সাক্ষাৎকারে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী প্ল্যাটফর্ম জুলাই ঐক্যকে জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি রাষ্ট্রপতির দপ্তর থেকে ব্যখ্যা দাবি করছি।

বিবৃতিতে তিনি বলেন, কালের কণ্ঠ পত্রিকায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. প্রকাশিত ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন — “২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও হলো। অমুকের দল, তমুকের দল, মঞ্চ, ঐক্য—কত কী! রাতারাতি সৃষ্টি! এগুলো একই টাইপের লোকজন, বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল?” পত্রিকায় সরাসরি জুলাই ঐক্যের নাম উল্লেখ না করা হলেও, সেই সাক্ষাৎকারের সূত্র ধরে একই দিন কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ‘রাষ্ট্রপতিকে পদত্যাগে চাপ, ‘নাটক মঞ্চস্থের’ অভিযোগ’ শিরোনামের একটি ভিডিওতে স্পষ্টভাবে জুলাই ঐক্যের নাম উল্লেখ করা হয়।

ভিডিওটির ৩৪ থেকে ৫০ সেকেন্ড অংশে রাষ্ট্রপতিকে বলতে শোনা যায় — “২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন চারপাশ দিয়ে ঘেরাও হয়। হাসনাত আব্দুল্লাহর দল, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য-মৈক্য—এরা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপর উঠে পড়ে। রাষ্ট্রপতি যে সময়ের কথা উল্লেখ করেছেন, সেই সময়কাল ছিল ২৪ অক্টোবর ২০২৪। অথচ জুলাই ঐক্য আত্মপ্রকাশ করেছে ৬ মে ২০২৫ খ্রি. — অর্থাৎ উল্লিখিত ঘটনার প্রায় সাত মাস পরে। ফলে ওই ঘটনার সঙ্গে জুলাই ঐক্যের সম্পৃক্ততার প্রশ্নটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তিনি বলেন, দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, রাষ্ট্রপতির বক্তব্যে জুলাই ঐক্যকে একটি ‘মব’ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা বাস্তবতার পরিপন্থী। অবিলম্বে কালের কণ্ঠের ফেসবুক পেজ, ইউটিউবসহ যেসব মাধ্যমে জুলাই ঐক্যকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, তা প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জুলাই ঐক্যকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করায় গণভবনের প্রেস উইংয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর