মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা এবং প্রকাশ্যে না আসা নিয়ে চলমান ধোঁয়াশার মধ্যেই তার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার এক প্রতিবেদন অনুসারে, ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ তাদের সুপ্রিম লিডারের পুরোনো একটি ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওটি মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্বভার গ্রহণ করার আগের সময়ে ধারণ করা বলে ধারণা করা হচ্ছে। সেখানে তাকে একদল মানুষের সঙ্গে বসে আলোচনা করতে দেখা যায়।
সোমবার (২৪ আগস্ট) রাশিয়ার সংবাদমাধ্যম আরটি তাদের ‘এক্স’ অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে। ভিডিওর ক্যাপেশনে আরটি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ফুটেজ। ইরানি গণমাধ্যমে প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশিত ফুটেজে তাকে একটি ধর্মীয় একাডেমিক বৈঠকে সভাপতিত্ব করতে দেখা যায়।”
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, চলতি আগস্ট মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরানি সংবাদমাধ্যম। এর আগে আগস্টের প্রথম সপ্তাহে ইসরায়েলি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই দাবি উড়িয়ে দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ খামেনির সুস্থতার ইঙ্গিতবাহী একটি তারিখহীন ভিডিও প্রকাশ করে।
এদিকে খামেনির শারীরিক অবস্থা নিয়ে ওঠা গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। দেশটির বার্তা সংস্থা আইএসএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, “যে ব্যক্তি টানা সাত থেকে আট ঘণ্টা বসে বৈঠক চালাতে পারেন, তার কোনো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে না।” তিনি সম্প্রতি মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ ও অত্যন্ত সফল একটি বৈঠক করেছেন বলেও নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যৌথ মার্কিন-ইসরায়েলি সামরিক বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি, কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই বার্তা আদান-প্রদান করে আসছেন।
তথ্যসূত্র: নেপাল নিউজ
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: