বানোয়াট ভিডিও কনটেন্ট নিয়ে ফেসবুকে মেহজাবীনের ক্ষোভ

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ১১:১০ এএম

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

কয়েকটি ভিউ, লাইক কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার প্রবণতাকেও বড় সামাজিক সমস্যা হিসেবে দেখছেন তিনি।

মেহজাবীন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে লিখেছেন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, ভিউ, লাইক, শেয়ার কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য একজন মানুষের অপমানকে কনটেন্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য। মেহজাবীন লিখেছেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ।

অভিনেত্রীর মতে, এ ধরনের কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি শুধু কনটেন্ট নির্মাতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মধ্য দিয়ে সমাজের মানুষের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন ওঠে। কাউকে মানুষ হিসেবে সম্মান করার জন্য তিনি নিজের পরিবারের সদস্য হতে হবে কেন, সেই প্রশ্নও তুলেছেন মেহজাবীন। কারও মা কিংবা বোনের সঙ্গে এমন ঘটনা ঘটলে কী হতো শুধু এ ধরনের যুক্তির ওপর নির্ভর না করে, সবার প্রতি মানুষের স্বাভাবিক সম্মানবোধ থাকা জরুরি বলে মনে করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে মেহজাবীন বলেন, অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের মাধ্যম। মানুষের সংগ্রাম ও বাস্তবতা তিনি অস্বীকার করেন না। তবে অন্য একজনের অপমান ও অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হয়ে উঠল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। মেহজাবীনের পর্যবেক্ষণ, ক্ষতিকর কনটেন্ট তৈরির বিষয়টি এখন আর নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ ও এনগেজমেন্টের প্রতিযোগিতায় যে কেউ এমন কনটেন্ট ছড়ানোর অংশ হতে পারেন, আবার যে কেউ এর শিকারও হতে পারেন।

 
কেবল কনটেন্ট তৈরি নয়, সেগুলো স্বেচ্ছায় শেয়ার করা, আলোচনা করা এবং আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকাও ভেবে দেখার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। পোস্টের শেষাংশে মেহজাবীন লিখেছেন, একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর