বিবাহোত্তর অনুষ্ঠানেও নজর কাড়লেন বিজয়-রাশমিকা
আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১০:০২ পিএম
উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ বিয়ের পর থেকে একের পর এক রাজকীয় লুকে ধরা দিচ্ছেন নবদম্পতি। এবার হায়দরাবাদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাত ধরাধরি করে উপস্থিত হয়ে ফের আলোচনায় এলেন তারা।
বিয়েতে অনামিকা খান্নার ডিজাইনে ট্রেন্ড সেট করার পর সঙ্গীত অনুষ্ঠানে ফাল্গুনী শেন পিককের ঝলমলে পোশাকে নজর কেড়েছিলেন এই জুটি। তবে রিসেপশনে দুজনই বেছে নিলেন একেবারে ঐতিহ্যবাহী ভারতীয় সাজ।
রিসেপশনে রাশমিকা পরেছিলেন লাল সিল্কের শাড়ি, যার কালো ও সোনালি বর্ডার তাকে দিয়েছে এক অনন্য আভা। ভারী সোনার গয়নায় নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী লেয়ারড নেকলেস, হাতফুলের সঙ্গে কড়া, স্টেটমেন্ট দুল, কোমরবন্ধ ও আংটি সব মিলিয়ে ছিল নিখুঁত ঐতিহ্যের ছাপ।
চুলে মাঝখান থেকে সিঁথি কেটে বেণি করে ফুলে সাজানো হেয়ারস্টাইল, চোখে স্মোকি মেকআপ, ঠোঁটে গ্লসি ব্রাউন লিপস্টিক আর গালে হালকা আভা সবকিছু মিলিয়ে এক পরিপূর্ণ নববধূর লুক। সিঁথিতে সিঁদুরও ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে বিজয় বেছে নিয়েছিলেন সাদা ভেষ্ঠি-শার্টের ক্লাসিক সংমিশ্রণ। কপালে বোট্টু, হাতে সিলভার কড়া, গলায় চেইন ও কালো ঘড়ি, আভিজাত্যের আমেজে তার স্টাইল প্রশংসা পাচ্ছে। লুক সম্পূর্ণ করতে পরেছিলেন বাদামি রঙের জুতা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতি মিডিয়া ও আলোকচিত্রীদের ধন্যবাদ জানান। পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়ে তোলেন স্মরণীয় কিছু ছবি। বিয়ের পর থেকে প্রতিটি অনুষ্ঠানে আলাদা আলাদা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন রাশমিকা ও বিজয়। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তাদের এই রিসেপশন লুক ইতিমধ্যেই ২০২৬ সালের হবু বর-কনের জন্য নতুন ফ্যাশন অনুপ্রেরণা হয়ে উঠেছে। সূত্র: এনডিটিভি

আপনার মূল্যবান মতামত দিন: