ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনেই নওগাঁর
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ট্রাকটি কালিহাতীর সারতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, দুর্ঘটনায় হতাহতরা সকলেই রডবোঝাই ট্রাকের ওপর চড়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আহত ৬ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। তারা সকলেই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাবোলা গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস বাকি নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: